AdvertisementAdvertisement

কক্সবাজারের ইনানীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ দীর্ঘ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে রেজু খালে ভাসমান অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সায়েম চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে। তার বন্ধু মো. আরমান জানান, শনিবার সকালে তারা দুই বন্ধু বান্দরবান থেকে কক্সবাজার ভ্রমণে আসেন। দুপুরে ইনানী সৈকতের দক্ষিণ পাশে জেটিঘাটসংলগ্ন এলাকায় গোসল করতে নামলে হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে সায়েম গভীর সাগরে ভেসে যান। সেই মুহূর্তে সৈকতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা বা লাইফগার্ড না থাকায় তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

Advertisement
বিজ্ঞাপন

নিখোঁজের পর স্থানীয় জেলে, বিচ কর্মী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালানো হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত সায়েমের কোনো সন্ধান মেলেনি। ঘটনার সময় সাগরে ভাটা চলায় উদ্ধারকাজে বেগ পেতে হয় বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। পরে রবিবার সকালে রেজু খালে মরদেহের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা খবর দিলে স্বজনরা সায়েমের পরিচয় নিশ্চিত করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার স্থানীয় প্রশাসন ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে দোষীদের দ্রুত বিচার ও সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%