বরিশালে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

বরিশাল জেলায় এবার ৩ লক্ষ ২ হাজার ৮৪৬ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার ২৮ জুন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডা. মনজুর ই এলাহী আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
জেলার ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়নে মোট ২ হাজার ৯শ ৭টি কেন্দ্রের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনটিকে নিরাপদ ও সফল করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
উজিরপুর উপজেলায় ১২৬টি অস্থায়ী এবং ১টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে ২৮ হাজার ৮শ’রও বেশি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এছাড়াও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মেহবুব মোর্শেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সকল অভিভাবককে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।