নৌবাহিনীতে নতুন ৬১ কর্মকর্তার কমিশন লাভ দেশীয় প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ নৌপ্রধানের

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) মিডশিপম্যান এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নবীন ৬১ জন কর্মকর্তা কমিশন লাভ করেছেন।
নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহার, নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা প্রদান এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মেড ইন বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে নৌবাহিনী নিজস্ব শিপইয়ার্ড ও ডকইয়ার্ডের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ ও অবকাঠামো নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
কুচকাওয়াজ শেষে অনন্য কৃতিত্ব প্রদর্শনকারী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন নৌবাহিনী প্রধান। এবারের আয়োজনে ‘সোর্ড অব অনার’ অর্জন করেছেন মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান। এছাড়া নৌপ্রধান স্বর্ণপদক পেয়েছেন মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক পেয়েছেন এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু এবং সেরা বিদেশি মিডশিপম্যান হিসেবে বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক পেয়েছেন প্যালেস্টাইন আর্মির জাহিদ সালাহ।
কমিশন প্রাপ্তদের মধ্যে রয়েছেন ২০২৩ ব্রাভো ব্যাচের ৫৪ জন মিডশিপম্যান এবং ২০২৬ আলফা ব্যাচের ৭ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। নতুন যুক্ত হওয়া এই কর্মকর্তাদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।