বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়াতে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর পরিকল্পনা অর্থমন্ত্রীর

স্থানীয় ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের প্রবণতা বেসরকারি খাতের ঋণের পথ রুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগের কথা জানান। অর্থনীতিবিদদের পরিভাষায় একে ‘ক্রাউডিং আউট’ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, ব্যাংকগুলোর মূল মনোযোগ বেসরকারি খাতের দিকে থাকা বাঞ্ছনীয় হলেও দীর্ঘদিনের সরকারি ঋণের চাপে সেই ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সরকার দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানান, স্থানীয় ব্যাংক থেকে সরকারি ঋণের মাত্রা পর্যায়ক্রমে কমিয়ে বেসরকারি বিনিয়োগের সুযোগ প্রশস্ত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। দীর্ঘ দেড় দশকের পুরোনো আর্থিক কাঠামোর সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয় স্বীকার করলেও, সরকার ক্রমান্বয়ে সেই পরিবর্তনের পথে হাঁটছে বলে তিনি আশ্বস্ত করেন।

বর্তমান বাজেটে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা কমানোর তথ্য তুলে ধরেন মন্ত্রী। এই পদক্ষেপটি একটি ইতিবাচক ধারার সূচনা হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ব্যাংকিং খাতে সরকারি ও বেসরকারি ঋণের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এর ফলে উৎপদনমুখী বিনিয়োগ বৃদ্ধি পাবে, যা কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

অর্থমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনৈতিক প্রোগ্রামিং ও বাজেটের চিরাচরিত ধারায় পরিবর্তন আনতে বদ্ধপরিকর। বিশ্বজুড়ে বিনিয়োগের ধরন এবং মূল্যায়নের মানদণ্ড বদলে যাওয়ায় সরকারি অর্থ ব্যবস্থাপনার কাঠামোতে সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। বেসরকারি খাতকে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত করাই বর্তমান সরকারের আর্থিক নীতির মূল লক্ষ্য বলে তিনি সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%