শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করার আহ্বান সংসদ সদস্য সাঈদ আল নোমানের

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি’ আয়োজিত মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শ্রমিকেরা ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, তাই তাদের ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সাঈদ আল নোমান বলেন, তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাজেটেও প্রতিফলিত হয়েছে। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্র ও দর্শনের রূপকার তারেক রহমানই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন। তার মূল লক্ষ্য হলো—সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ।
শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আইনি কাঠামোর বাইরে গিয়েও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারকে উদ্যোগী হতে হবে। যান্ত্রিক ছাঁটাইয়ের সংস্কৃতি বন্ধ করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাত্রার ব্যয় অনুযায়ী মজুরি নির্ধারণ করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সমিতির আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কমরেড রাজেকুজ্জামান রতন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাসলিমা আখতার, মাহা মির্জা এবং বদরুল আলম সবুজ।