বাগেরহাটে কৃষি বিপ্লব ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গবেষণাকেন্দ্র স্থাপনের ঘোষণা এমপির

বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড কংগ্রেস’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনের মতো দর্শনীয় স্থান সমৃদ্ধ বাগেরহাট জেলা অপার সম্ভাবনার আধার। তিনি উল্লেখ করেন যে, এই জেলার উর্বর মাটিতে পরিকল্পিত কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। কৃষি উৎপাদন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে নারকেল ও চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য আরও বলেন, কৃষি খাতে বাগেরহাটের ধান ও পাটের ব্যাপক চাহিদা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই ধারা অব্যাহত রেখে কৃষিকে আরও সমৃদ্ধ করতে সরকার ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে এবং জেলার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন গতিশীল হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাত রিমা। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত ও প্রবীণ সাংবাদিক মোল্লা আব্দুর রবসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%