AdvertisementAdvertisement

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা

ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি হু হু করে বাড়ছে। শনিবার সকাল ৬টা পর্যন্ত পরিমাপ অনুযায়ী, তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেভাবে প্রবল গতিতে পানি প্রবেশ করছে, তাতে যেকোনো মুহূর্তে নদীবক্ষে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।

উজানে ভারি বর্ষণের ফলে তিস্তা অববাহিকায় পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন পানিপ্রবাহ কিছুটা স্থিতিশীল থাকলেও শনিবার ভোর থেকে পরিস্থিতি নতুন করে অবনতির দিকে মোড় নিয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের হাজার হাজার পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় সামান্য পানি বাড়লেই নদী তীরবর্তী বিশাল জনপদ প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে।

Advertisement
বিজ্ঞাপন

তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪টি গেটই খুলে রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। গড্ডিমারী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোবারক আলী জানান, যেভাবে পানির গতি বাড়ছে তাতে যেকোনো সময় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জরুরি সতর্কবার্তা জারি করে জনসাধারণকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%