ভূরুঙ্গামারীতে ঢাকাগামী বাস সার্ভিস চালুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার দিবা ও নৈশ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে বাস চলাচলের দাবি জানান ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, প্রবীণ নেতা কাজী নিজাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ সর্বস্তরের মানুষ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সীমান্তবর্তী এই উপজেলার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ রোগীরা রাজধানী ঢাকায় যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।

বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নির্দেশনায় জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। অবিলম্বে ঢাকা-ভূরুঙ্গামারী রুটে বাস সার্ভিস স্বাভাবিক না হলে স্থানীয়রা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%