তারেক রহমানকে বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আখ্যা দিলেন এমপি শওকতুল ইসলাম শকু

মৌলভীবাজার-০২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে এক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে কুলাউড়া উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ২ জুন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, প্রধানমন্ত্রী দিনরাত দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাকে নিয়ে জনমনে সবসময় এক ধরনের উদ্বেগ কাজ করে যে, কোনোভাবে তাকে হারিয়ে ফেললে জাতি অভিভাবকহীন বা এতিম হয়ে পড়বে। তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে কেবল বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বিশ্বনেতা হিসেবে আখ্যায়িত করেন।
সংসদ সদস্যের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের কারণে তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার। তিনি আরও যোগ করেন, বিশ্বজুড়ে যদি কাউকে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে নোবেল প্রদানের ঘোষণা দেওয়া হয়, তবে সেই পুরস্কারটি তারেক রহমানই অর্জন করবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু।
