বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তিস্তার পানি প্লাবিত ডিমলা ও জলঢাকার নিম্নাঞ্চল

ভারি বর্ষণ ও উজানের ঢলে নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার সকাল ৯টা নাগাদ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নদীর ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় এ এলাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোতে বন্যার পানি প্রবেশ করায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক পরিবার এখন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, সকাল ৬টা থেকেই নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল ১০টা পর্যন্ত একই পরিস্থিতি বজায় রয়েছে। নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হঠাৎ সৃষ্ট এ বন্যায় ফসলি জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। প্লাবিত এলাকার মানুষজন জানমালের নিরাপত্তার পাশাপাশি সরকারি ও বেসরকারি ত্রাণ সহায়তার অপেক্ষায় প্রহর গুনছেন।
