AdvertisementAdvertisement

জুলাই শহীদ পরিবারের পাশে সরকার, মুক্তিযোদ্ধাদের মতো বিশেষ সুবিধার প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বুধবার সকাল ৯টায় শহীদদের স্মরণে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদদের অবদান এবং তাদের পরিবারের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি জানান, শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহতদের পাশে সরকার সর্বদা অবিচল রয়েছে।

ভূমিমন্ত্রী আরও ঘোষণা করেন যে, মুক্তিযোদ্ধাদের ন্যায় জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান নিশ্চিত করা হবে। বর্তমান সরকার শহীদ পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা এবং আহতদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশেষ পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন, সেই লক্ষ্য অর্জনে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ শাকিব আঞ্জুমের বাবা আবেগাপ্লুত কণ্ঠে নিজের সন্তান হত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, যারা এমন নৃশংসতার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা বিচারের দাবিতে সোচ্চার ছিলেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

দিনব্যাপী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্মৃতিস্তম্ভ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন ছিল।

0%
0%
0%
0%