যাত্রী চাহিদায় পাকিস্তানের দুটি ট্রেন পরিষেবা পুনরায় চালুর ঘোষণা

জনগণের দীর্ঘদিনের দাবি ও পাকিস্তান রেলওয়ের সেবার মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দুটি ট্রেন পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন পাকিস্তানর রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসী। লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২০ আগস্ট থেকে ‘বাবু প্যাসেঞ্জার’ এবং ২১ আগস্ট থেকে ‘স্যান্ডেল এক্সপ্রেস’ ট্রেন দুটি পুনরায় চলাচল শুরু করবে।
করোনাভাইরাস মহামারির সময় সংক্রমণ রোধে পাকিস্তান রেলওয়ের এই দুটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর ফের ট্রেন দুটি চালুর ফলে সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
রেলমন্ত্রী জানান, লাহোর থেকে লালা মুসা রুটে চলবে বাবু প্যাসেঞ্জার ট্রেনটি। অন্যদিকে, মুলতান থেকে ঝাং হয়ে সরগোধাগামী স্যান্ডেল এক্সপ্রেস ট্রেনটি পুনরায় যাত্রীসেবা শুরু করবে। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাকিস্তান রেলওয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রূপকল্প অনুযায়ী যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির কাজ চলমান রয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, চলতি বছরের শেষ নাগাদ ধাপে ধাপে আরও বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া ট্রেন সার্ভিস পুনরায় চালু করা হবে, যা সামগ্রিকভাবে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
