ভুয়া জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট নেওয়ার চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

ভুয়া জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোণায় দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তারা নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে যান। সেখানে এক তরুণীর পরিচয় ও জমা দেওয়া কাগজপত্র নিয়ে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে বিষয়টি জানাজানি হলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রোহিঙ্গা নাগরিক কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) ও রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০), পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।

জানা গেছে, ২৪ নভেম্বর কাউসার তার বাবার সঙ্গে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহায়তায় ভুয়া কাগজপত্র তৈরি করে তার নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তা জড়িত বলেও অভিযোগ উঠেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নেত্রকোণায় আসেন।
পাসপোর্টের আবেদনের সময় কাউসারের বক্তব্য ও জমা দেওয়া কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি তখন পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার কথা জানার পর সংশ্লিষ্টদের সেখান থেকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে বৃহস্পতিবার বিকেলে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

০%
০%
০%
০%