কুষ্টিয়া জেলা কারাগারে একদিনে দুই দফা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কারাগারের জেল সুপারের বাসভবনের পাশে কারারক্ষীদের আবাসিক এলাকায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এর আগে ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুই ঘটনায় কেউ হতাহত না হলেও কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
কারাগারের দক্ষিণ পাশে জেলখানা মোড় এলাকায় শশী অটো হাউজের পাশের ফাঁকা জায়গা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জায়গাটি পরিত্যক্ত ও জনশূন্য। তবে পাশের সড়কটি ব্যস্ততম এবং হাউজিং এস্টেটে যাতায়াতের প্রধান সড়ক।
ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কারারক্ষী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা আবাসিক এলাকায় বিশ্রাম নিচ্ছিলাম। এসময় বিকট শব্দ হয়। বলের মতো টেপ দিয়ে মোড়ানো বোমাটি (ককটেল) গাছে ও চালের ওপর পড়ে।’
জেল সুপারের বাসভবনের সামনে পিঠা বিক্রেতা সুমি বলেন, ‘আমরা শুধু শব্দ শুনতে পেয়েছি। পরে শুনি বোমা।’
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, সড়কের ওপর থেকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এটি গাছে ও আবাসিক ভবনের চালে এসে পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,
‘জেলা কারাগারে আবারও দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’