কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী উলুবুনিয়া গ্রামের নুরুল হকের ঘেরের উত্তরে খালের পাশ দিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে এক ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিলেন। টহল দলের সদস্যদের সন্দেহ হলে তারা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারি ব্যাগটি ফেলে দ্রুত ঘেরের পানিতে ঝাঁপ দেন এবং সাঁতরে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।
পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিনটি বায়ুরোধী প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ঘটনার পরপরই পালিয়ে যাওয়া চোরাকারবারিকে আটকের লক্ষ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল আরও বাড়ানো হবে। একইসঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।