নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলার সাচিয়ামারা এলাকায় প্রবাসীর বাড়িতে চুরির চেষ্টাকালে গণপিটুনিতে হৃদয় মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনায় কামাল নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত হৃদয় মিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে এবং আহত কামাল একই এলাকার মধু মিয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম দশ দিন আগে ছুটিতে দেশে ফেরেন। বিষয়টি জানতে পেরে সোমবার গভীর রাতে চার সদস্যের একটি চোরচক্র তার বাড়িতে হানা দেয়। এ সময় হৃদয় ও কামাল প্রবাসীর বাড়ির ভেতরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে আশপাশের বাসিন্দারা জড়ো হয়ে ওই দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়।
ঘটনার খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামাল মিয়াকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চোরচক্রের অপর দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। প্রায় এক বছর আগে পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
