AdvertisementAdvertisement

৯ কোটি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় নিজাম হাজারীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ফেনী শহরের ব্যবসায়ী আনোয়ার হোসেনের ৯ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও মারধরের ঘটনায় জেলাটির প্রভাবশালী ব্যক্তি নিজাম উদ্দিন হাজারীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পারসিত চাকমা বিচারিক আদালতে এ চার্জশিট জমা দেন। এর আগে গত বছরের ১৪ নভেম্বর ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

অভিযোগপত্রে নাম থাকা অপর আসামিরা হলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জিনাত রেজওয়ানা, আবদুল আউয়াল, রাকিব মিঞা, আলিম তালুকদার, কহিনুর আক্তার ও ফারহানা আক্তার। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, জিনাত রেজওয়ানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে আনোয়ার হোসেনের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। পাওনা টাকা না দিয়ে উল্টো প্রভাবশালী মহলের যোগসাজশে ভুক্তভোগীর বিরুদ্ধে চেক ও কোম্পানির প্যাড চুরির অভিযোগ এনে থানায় একাধিক সাধারণ ডায়েরি করানো হয়।

Advertisement
বিজ্ঞাপন

তদন্তে আরও জানা যায়, পাওনা টাকা উদ্ধারে ভুক্তভোগী আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে আসামিরা তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দিতে থাকে। এক পর্যায়ে বিষয়টি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমানের মাধ্যমে নিজাম উদ্দিন হাজারীর কাছে পৌঁছালে তিনি ভুক্তভোগীকে তার ব্যক্তিগত বাসভবনে ডেকে নেন। সেখানে ভুক্তভোগীর কাছে আরও ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তাকে শারীরিক নির্যাতন করা হয়।

শারীরিক নির্যাতনের পর পরিবার থেকে ২০ লাখ টাকা চাঁদা প্রদানের বিনিময়ে ভুক্তভোগীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। অভিযুক্ত নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত অর্ধশত মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া মূল আসামি জিনাত রেজওয়ানার বিরুদ্ধে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্ল্যাকমেইলের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%