AdvertisementAdvertisement

গোদাগাড়ীতে সিজারের সময় প্রসূতির মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ স্বজনদের

রাজশাহীর গোদাগাড়ী পৌর সদরের মডেল হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় মোসা. কমলি বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটা এ ঘটনায় হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থাপনা ও চিকিৎসকদের দায়িত্ববোধ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। নিহত গৃহবধূ পৌর সদরের মেডিকেল মোড় এলাকার মনিরুল ইসলামের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, শনিবার বিকেলে প্রসব বেদনার জন্য কমলি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে গাইনি চিকিৎসক ডা. শারমিন শওকত ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. তানজিল কুমার অস্ত্রোপচার শুরু করেন। এ সময় হাসপাতালের পরিচালক শামসুজ্জোহা বাবুসহ আরও কয়েকজন অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন। অস্ত্রোপচারের একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রোগীকে দ্রুত অন্য কোনো উন্নত হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ না নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘ সময় সেখানেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করে।

Advertisement
বিজ্ঞাপন

নিহতের স্বজনদের দাবি, অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অসাবধানতায় কোনো রক্তনালি কেটে যাওয়ায় এমন বিপত্তি ঘটেছে। তাদের অভিযোগ, যদি শুরুতে গুরুতর অবস্থা বুঝে প্রসূতিকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হতো, তবে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। এ সময় অপারেশন থিয়েটারে প্রশিক্ষিত সহযোগীর বদলে হাসপাতালের পরিচালকের উপস্থিতি নিয়েও নানা প্রশ্ন উঠছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এ দায় এড়াতে চাইছে। ম্যানেজার আব্দুল খালেক ও চিকিৎসক ডা. শারমিন শওকত অতিরিক্ত রক্তক্ষরণকে এ মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি ছিল না বলে দাবি করেছেন। তবে স্থানীয়দের ভাষ্যমতে, এই বেসরকারি হাসপাতালটিতে এর আগেও অস্ত্রোপচারের পর প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এখানে নিয়োজিত চিকিৎসাসেবার মান ও সরঞ্জামাদি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রভাবশালীদের মাধ্যমে ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। এ ঘটনায় শোকাতুর স্বজনরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং চিকিৎসায় কোনো গাফিলতি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%