গাইবান্ধায় নিহত দুই শিবির নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির শফিকুর রহমান

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকাল ১০টার দিকে তিনি নিহত দুই নেতার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি তাদের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং জেলা আমির আব্দুল করিম এমপি সহ স্থানীয় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা। নিহতদের স্মৃতিচারণ করে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান উপস্থিত নেতারা।
কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বোনারপাড়া কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতে ইসলামীর বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জনসভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ আয়োজনে স্থানীয় জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
