AdvertisementAdvertisement

পূর্বধলায় রাইস ট্রান্সপ্লান্টারে রোপা আমন চাষাবাদ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, উৎপাদন খরচ হ্রাস এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমনের চারা রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা সদরের সিজকান্দি এলাকায় অবস্থিত ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন, স্থানীয় ইউনিয়ন জামায়াতের সভাপতি এহসানুল হক, আবু হুজাইফা, হানিফ উদ্দিন এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিদলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, সনাতন চাষাবাদের পরিবর্তে রাইস ট্রান্সপ্লান্টারের মতো আধুনিক যন্ত্রের ব্যবহার কৃষকের শ্রম ও উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন বর্তমান সময়ের দাবি। তিনি ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মের এই উদ্যোগের প্রশংসা করে স্থানীয় পর্যায়ে এমন প্রযুক্তিনির্ভর কৃষির প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’র উদ্যোক্তা সাজ্জাতুন নুর নিলয়। তিনি জানান, কৃষিকাজে আধুনিক যন্ত্রের ব্যবহার সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যতে কৃষির আধুনিকায়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয় এবং ফার্মের আঙিনায় একটি বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য।

Advertisement
বিজ্ঞাপন

কৃষি যান্ত্রিকীকরণের এই উদ্যোগ ও পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কর্মসূচিকে স্থানীয় সাধারণ কৃষকরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পূর্বধলার কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং এর সুফল প্রান্তিক কৃষকরা ভোগ করতে পারবেন। এ সময় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%