বালুচিস্তানের পাঞ্জগুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমান্ডারসহ পাঁচ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ গোয়েন্দা অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক জঙ্গি গোষ্ঠীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ‘অপারেশন রাদ-উল-ফিতনা ৩’-এর অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে নিহতদের মধ্যে জঙ্গি সংগঠনটির একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন, যার পরিচয় ওয়াজির বিন জামাল হিসেবে শনাক্ত করা হয়েছে।
পাঞ্জগুরের সারকানি ও ছিদিগি এলাকায় নিরাপত্তা বাহিনী এ অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে জঙ্গিদের কাছ থেকে মেশিনগান, বিপুল পরিমাণ ভারী অস্ত্র, গোলাবারুদ এবং চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহত এই জঙ্গিরা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের জিম্মি করে চাঁদাবাজি, অপহরণ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল।
বর্তমানে ওই এলাকায় জঙ্গিবাদ নির্মূলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বেলুচিস্তান থেকে এই জঙ্গি নেটওয়ার্ক সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে নিরাপত্তা বাহিনী তাদের কঠোর অবস্থানে অনড় রয়েছে। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
