সংসদীয় সম্মানির অর্থ চার অসুস্থ ইমাম ও মুয়াজ্জিনকে সহায়তা করলেন ড. রফিকুল ইসলাম হিলালী

নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তার সরকারি সম্মানির অর্থ থেকে অসুস্থ চারজন ইমাম ও মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। শুক্রবার দুপুরে কেন্দুয়া উপজেলায় অবস্থিত নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই অনুদানের অর্থ হস্তান্তর করেন।
নির্বাচনি প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের পাশে থাকার অংশ হিসেবেই এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, ইমাম ও মুয়াজ্জিনরা মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই অসুস্থতার কারণে সংকটে পড়া এই আলেমদের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধি হিসেবে তার নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম, মুয়াজ্জিন, আলেম-উলামা ও ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে অসহায় মানুষের কল্যাণে এই সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ড. হিলালী। অনুষ্ঠানে উপস্থিত আলেম সমাজ ও স্থানীয় বিশিষ্টজনেরা সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
