AdvertisementAdvertisement

লিবিয়ায় মাফিয়া চক্রের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু লাশ ফেরতের দাবি স্বজনদের

মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামে শোকের মাতম চলছে। ইতালিতে উন্নত জীবনের আশায় পাড়ি জমানো ইকবাল মাদবর (২৫) লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। মোতালেব মাদবরের ছেলে ইকবাল গত ১০ মাস আগে দালালের প্রলোভনে পড়ে দেশ ছাড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল মো. সাগরের সঙ্গে ২০ লাখ টাকার চুক্তিতে গত বছরের সেপ্টেম্বর মাসে ইকবালকে প্রথমে সৌদি আরবে নেওয়া হয়। এরপর বিভিন্ন দেশ ঘুরিয়ে তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টা ব্যর্থ হলে লিবিয়ার পুলিশের হাতে আটক হন ইকবাল। কারামুক্ত হওয়ার পর তিনি স্থানীয় মাফিয়া চক্রের জিম্মি দশায় পড়েন।

Advertisement
বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, মাফিয়া চক্র ইকবালের মুক্তিপণ হিসেবে ১২ লাখ টাকা দাবি করে। পরিবারের পক্ষ থেকে ৮ লাখ টাকা পরিশোধ করা হলেও শেষ পর্যন্ত আরও ৪ লাখ টাকা দিতে না পারায় অমানবিক নির্যাতনে ইকবালের মৃত্যু হয়। বুধবার লিবিয়া থেকে অপরিচিত এক বাংলাদেশির ফোন কলের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত হন।

কৃষিজীবী মোতালেব মাদবর তার সন্তানের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণে জমি বিক্রি ও ধারদেনা করে নিঃস্ব হয়েছেন। তিন ভাই-বোনের মধ্যে মেজো ইকবালকে হারিয়ে দিশেহারা পরিবারটি এখন তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছে। একই এলাকায় অতীতেও দালাল চক্রের খপ্পরে পড়ে নৌকাডুবিতে নিখোঁজের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত দালাল সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

0%
0%
0%
0%