AdvertisementAdvertisement

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো জঘন্য অপরাধ হবে শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কেবল রাজনৈতিক সমীকরণ মেলানো বা দলের পরিধি বিস্তারের লক্ষ্যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা একটি জঘন্য অপরাধ। শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের রাজনীতিকে যে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তার জন্য তারা এখনো জাতির কাছে নূন্যতম অনুশোচনা প্রকাশ করেনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই দলের শাসনামলে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে এবং গুম হওয়া বহু মানুষের আজও কোনো সন্ধান মেলেনি। যারা গুম, হত্যা ও পঙ্গুত্ব বরণের মাধ্যমে একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ক্ষমা করার সুযোগ নেই। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যারা দেশের রাজনীতিকে কলুষিত করেছে, তাদের এখন রাজনীতিতে ফিরিয়ে আনা হবে আত্মঘাতী সিদ্ধান্তের শামিল।

Advertisement
বিজ্ঞাপন

সরকারের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই সরকারের মূল কাজ এবং এই দায়িত্ব পালনে সরকার যত বেশি দক্ষ হবে, দেশ তত সমৃদ্ধ হবে। তিনি উল্লেখ করেন যে, তার দল সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যেখানে সহযোগিতা প্রয়োজন, সেখানে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন দিচ্ছে।

জুলাই সনদ ও জনগণের রায় নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে সম্মান জানানো অপরিহার্য। এই রায়কে অপমান করার কোনো অবকাশ নেই এবং তারা এ বিষয়ে কোনো ছাড় দেবেন না। সংসদীয় সংস্কৃতির পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সংসদে যে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা দেখা গেছে, জামায়াত তার ঘোর বিরোধী। তারা একটি সভ্য ও মর্যাদাপূর্ণ সংসদ দেখতে চান, যেখানে কোনো উসকানিতেই বিরোধী দল তাদের গঠনমূলক অবস্থান থেকে বিচ্যুত হবে না।

Advertisement
বিজ্ঞাপন

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহসহ দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম এতে অংশ নেন। মতবিনিময় শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে যোগ দেন এবং ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।

0%
0%
0%
0%