নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক গুলির ঘটনায় বিএনপি নেতাসহ দুজন গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি গুলির ঘটনায় এক বিএনপি নেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চৌমুহনী বাজার এবং আমানউল্যাপুর ইউনিয়নের করিমপুর এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় জনমনে আতঙ্ক ও চরম উত্তেজনা বিরাজ করছে।
চৌমুহনী হকার্স মার্কেটের সামনে হামলার শিকার ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম এবং স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু। জানা যায়, রাতে কাজ শেষে অফিস থেকে বের হওয়ার পর হকার্স মার্কেটের মূল গলিতে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিতে হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন সেন্টুর বুকে গুলি লাগে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ইয়াছিন সেন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
একই রাতে আমানউল্যাপুর ইউনিয়নের করিমপুরে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। তবে স্থানীয়রা সংঘবদ্ধভাবে প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরপর ঘটে যাওয়া এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসী অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
