সিরিয়ার জারামনায় গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে জারামানা শহরে ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই সহিংস ঘটনায় এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রীবাহী একটি যানবাহনে আগে থেকেই পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই নাশকতামূলক হামলা চালানো হয়েছে। আল-জাজিরার কাছে আসা তথ্যমতে, বিস্ফোরিত যানটি একটি যাত্রীবাহী মিনিবাস ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতদের সঠিক সংখ্যা বা পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এএফপির একজন আলোকচিত্রী ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ছুটে যেতে দেখেছেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার প্রধান সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নিরাপত্তা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
তথ্যসূত্র: আল জাজিরা
