AdvertisementAdvertisement

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের অদূরে এক ভয়াবহ ফেরি অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। দেশটির সরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রা করা ‘মুতিয়ারা সান্তোসা ২’ নামের ফেরিটিতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় জাহাজটিতে সর্বমোট ২৭১ জন যাত্রী ও নাবিক উপস্থিত ছিলেন। রবিবার যাত্রা শুরুর পর পূর্ব জাভার মাদুরা উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ফেরি থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠছে এবং প্রাণ বাঁচাতে লাইফ জ্যাকেট পরিহিত যাত্রীরা ডেক এলাকায় জড়ো হয়ে উদ্ধারকারী দলের অপেক্ষায় রয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্যমতে, রবিবার বিকেল পর্যন্ত মোট ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে, তবে এখন পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

সতেরো হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই এ ধরনের সামুদ্রিক দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তা আইন কঠোরভাবে কার্যকর না হওয়া এবং বৈরী আবহাওয়াকে এমন মর্মান্তিক পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%