নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত আহত দুই

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও স্যালো ইঞ্জিনচালিত স্থানীয় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে মো. ইয়ারুল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অটোভ্যানে চড়ে ইয়ারুলসহ বেশ কয়েকজন শ্রমিক ধান রোপণের কাজে পার্শ্ববর্তী ঈশ্বরদীর জয়নগর এলাকায় যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদীমুখী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স পেছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ইয়ারুলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত বাবু ও সাজদারকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষী চালকদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
