AdvertisementAdvertisement

সন্ত্রাসবাদ মোকাবিলায় ফের জোট বাঁধল ওয়াশিংটন ও ইসলামাবাদ

ওয়াশিংটনে অনুষ্ঠিত চতুর্থ যুক্তরাষ্ট্র-পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী সংলাপে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশই আইএসআইএস-খোরাসান, আল-কায়েদা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সমন্বিত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী সমন্বয়ক রাষ্ট্রদূত গ্রেগরি লোগারফো এবং পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাষ্ট্রদূত নাবিল মুনিরের নেতৃত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দল বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ও জঙ্গি হুমকি নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে আন্তঃসীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের অর্থায়ন ও লজিস্টিক সহায়তা নেটওয়ার্কগুলো ধ্বংস করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একমত পোষণ করেছেন যে, উগ্রবাদী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কেবল সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিক নিরাপত্তাই বিঘ্নিত করছে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ পারস্পরিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে।

সংলাপ শেষে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ। নিজেদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সরকার।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%