AdvertisementAdvertisement

যুক্তরাষ্ট্রের ডাগআউটে দীর্ঘমেয়াদি মাউরিসিও পচেত্তিনো ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ

যুক্তরাষ্ট্রের ফুটবল প্রকল্পের ওপর অগাধ আস্থা রেখে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছেন মাউরিসিও পচেত্তিনো। ২০২৬ সালের বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত দলকে টেনে নিয়ে যাওয়া আর্জেন্টাইন এই কৌশলী আগামী চার বছরের জন্য মার্কিন ডাগআউটে নিজের অবস্থান পোক্ত করলেন। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী জে টি ব্যাটসন এক আনুষ্ঠানিক বার্তায় এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

পচেত্তিনোর অধীনে এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্কের মতো শক্তিশালী দলের গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বে ৬ পয়েন্ট সংগ্রহ ছিল দেশটির পুরুষ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অর্জন। শেষ বত্রিশের লড়াইয়ে বসনিয়াকে হারিয়ে দলটি শেষ ষোলোয় উঠলেও, বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলের হতাশাজনক হারে তাদের স্বপ্নের যাত্রা থেমে যায়।

Advertisement
বিজ্ঞাপন

চুক্তি নবায়নের পর ৫৪ বছর বয়সী এই কোচ জানান, গত দুই বছরে মার্কিন ফুটবলের যে সম্ভাবনা তিনি লক্ষ্য করেছেন, তাতে দলের ভবিষ্যৎ নিয়ে তিনি দারুণ আশাবাদী। বিশেষ করে বিশ্বকাপ জুড়ে সমর্থকদের আবেগ ও সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে। আক্রমণাত্মক ও হাই-প্রেসিং ফুটবলের জন্য পরিচিত পচেত্তিনো ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার আগে চেলসি, প্যারিস সেন্ট জার্মেই এবং টটেনহ্যাম হটস্পারের মতো ইউরোপের বড় ক্লাবগুলোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

২০১৯ সালে টটেনহ্যামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা পচেত্তিনো ২০২২ সালে পিএসজিকে লিগ ওয়ান শিরোপা জিতিয়েছিলেন। এবার মার্কিন মুলুকে নিজের ট্যাকটিক্যাল দর্শন আরও গভীরে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের আশা, পচেত্তিনোর দীর্ঘমেয়াদী এই পরিকল্পনায় ২০৩০ বিশ্বকাপ কেন্দ্রিক লক্ষ্য পূরণ করা অনেক বেশি সহজ হবে।

0%
0%
0%
0%