আজাদ জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু, দুর্যোগে এক আসনে নির্বাচন স্থগিত

আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনের দ্বিতীয় ধাপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ চলছে। মুজাফফরাবাদ থেকে পাওয়া দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, মোট ২১টি আসনের মধ্যে বৃষ্টির কারণে এলএ-২৭ মুজাফফরাবাদ-১ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় ১২ লাখের বেশি নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসন এবং কাশ্মীরি অভিবাসীদের জন্য সংরক্ষিত ১২টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৮ জন প্রার্থী। এছাড়া অভিবাসীদের ১২টি আসনের বিপরীতে ১৪৩ জন প্রার্থী লড়ছেন। পুরো প্রক্রিয়ায় ১ হাজার ৪৮৩টি ভোটকেন্দ্র এবং ২ হাজার ২১৯টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি এবং ইস্তেকাম-এ-পাকিস্তান পার্টিসহ মোট ২৫টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এলএ-২৮, এলএ-২৯ এবং এলএ-৩১ আসনগুলোকে অধিক সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংবেদনশীল কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আটজন করে নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা মুঘল ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে উপযুক্ত নেতৃত্ব নির্বাচন করেন। তিনি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন স্থান থেকে প্রশাসনিক ত্রুটির অভিযোগ উঠেছে। বিশেষ করে এলএ-২৮ ও এলএ-৩১ আসনের অনেক কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা সময়মতো পৌঁছাতে না পারায় পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনী কর্মীদের অনুপস্থিতির কারণে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষায় থেকে বিপাকে পড়েছেন। এই অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান পিপলস পার্টি নির্ধারিত সময়ের পর ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে। এদিকে, পাকিস্তানর এই নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী বা তৃতীয় ধাপের ভোটগ্রহণ আগামী ১০ আগস্ট পুঞ্চ বিভাগে অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
