কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ২৯ কেজির ইয়েলোফিন টুনা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর জলসীমায় জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ইয়েলোফিন টুনা মাছ। প্রায় ২৯ কেজি ওজনের এই মাছটি শুক্রবার সকালে আলিপুর মৎস্য বন্দরের মেসার্স মনি ফিস আড়তে নিয়ে এলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন মাছটির ওজন ২৮ কেজি ৯০০ গ্রাম নির্ধারণ করে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৪০ হাজার ৪৬০ টাকায় মাছটি কিনে নেন।
এফবি সজীব ট্রলারের মাঝি জীবন জানান, পায়রা বন্দর এলাকার গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ করেই তাদের জালে মাছটি আটকা পড়ে। সচরাচর এমন মাছ সচরাচর ধরা না পড়ায় আড়তে মাছটি এক নজর দেখার জন্য স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাছটি দেখতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এমন আকার ও রঙের মাছ সচরাচর দেখা মেলে না বলেই তারা কৌতূহল নিয়ে মাছটি দেখতে ভিড় করেছেন।
ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, আন্তর্জাতিক বাজারে ইয়েলোফিন টুনার ব্যাপক চাহিদা রয়েছে। মাছটির গুণমান ভালো হওয়ায় তিনি এটি কিনেছেন এবং পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই মাছটি মূলত উষ্ণ ও উপ-উষ্ণমণ্ডলীয় সমুদ্রে বিচরণ করে এবং বঙ্গোপসাগরের গভীর জলসীমায় এর উপস্থিতির বিষয়টি দেশের মৎস্য সম্পদের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রে ইয়েলোফিন টুনার বিচরণ স্বাভাবিক হলেও উপকূলীয় এলাকায় এর দেখা পাওয়া তুলনামূলক কম। জেলেদের জালে এই মূল্যবান মাছ ধরা পড়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এবং মৎস্য সম্পদের টেকসই আহরণ নিশ্চিত করতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন।
