মাদক মামলায় সাক্ষী হওয়ায় মোংলায় কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

বাগেরহাটের মোংলায় একটি মাদক মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে হাসিব হাওলাদার নামের এক কলেজ শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ চিলা মাদ্রাসা ব্রিজের ওপর ওত পেতে থাকা একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা বাবুল হাওলাদার জানান, স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর হাসিবকে ওই মামলায় সাক্ষী করা হয়। এরপর থেকেই আসামিরা জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে সোমবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাসিবের গতিরোধ করে সন্ত্রাসীরা।
হামলাকারীরা রামদা, হকিস্টিক, হাতুড়ি ও লোহার রড দিয়ে হাসিবকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে আক্রমণকারীরা তার গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং পকেটে থাকা ৮ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারসহ এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।