উৎসবমুখর পরিবেশে সম্পন্ন কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন নতুন নেতৃত্ব নির্বাচিত

কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেন সদস্যরা। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল বলে গণ্য করা হয়। ১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১৬টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি পদে মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু ও দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন জয়ী হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসেন আকাইদ, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন, দপ্তর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুক তাপস, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেঘতীর-এর আসিফ হোসাইন মান্না নির্বাচিত হয়েছেন।
সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর দিলীপ মজুমদার। পাশাপাশি নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত কমিটির নেতারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ক্লাবের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
