পাঞ্জাবে নিরাপদ পানি নিশ্চিত করতে পাঁচ দিনের কর্মপরিকল্পনার নির্দেশ মরিয়ম নওয়াজের

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দিনের মধ্যে একটি সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ। লাহোরে পাঞ্জাব ক্লিন ওয়াটার অথরিটির এক উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন। সভায় ‘সুথরা পাঞ্জাব’ কর্মসূচির আদলে পানি কর্তৃপক্ষকে ঢেলে সাজানো এবং আধুনিকায়নের অনুমোদন দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানান, প্রদেশজুড়ে বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। প্রশাসনিক ও প্রযুক্তিগতভাবে কর্তৃপক্ষকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের মতো বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই কার্যক্রমে কোনো প্রকার অবহেলা বা গড়িমসি সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, পাঞ্জাব ক্লিন ওয়াটার অথরিটিকে আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় জনবল এবং পর্যাপ্ত পরিবহন সুবিধায় সজ্জিত করা হবে। প্রতিটি পানি পরিশোধন কেন্দ্রে অপারেটরের নাম, যোগাযোগের নম্বর ও সময়সূচি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পানি সরবরাহ ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের পাশাপাশি জাপান ও চীনের সর্বাধুনিক ফিল্টার প্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমানে প্রদেশটিতে ৫ হাজার ৭৩৪টি পানি পরিশোধন কেন্দ্র রয়েছে, যার সবগুলোর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গম অঞ্চলগুলোতে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে ইতিমধ্যে ভ্রাম্যমাণ বোতলজাতকরণ প্ল্যান্ট মোতায়েন করা হয়েছে, যা থেকে প্রতিদিন ২ হাজার ৪০০টিরও বেশি পরিবার উপকৃত হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম পাঞ্জাবের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
