ঘরিসার ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় আইনজীবী লোকমান হোসাইন

আগামী অক্টোবর মাস থেকে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সম্ভাব্য এ নির্বাচনের প্রথম ধাপ শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণের মাধ্যমে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নেও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী লোকমান হোসাইন।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছে। ইউপি আইনের ২৬ ধারার অধীনে কেন এমন যোগ্যতা বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্টদের কাছে। এ প্রেক্ষাপটে ঘরিসার ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার কারণে আইনজীবী লোকমান হোসাইনকে অনেকেই এগিয়ে রাখছেন।
জানা যায়, লোকমান হোসাইন ২০০৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ২০০৯ সালে ঢাকা মিরপুর কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন। পরে তিনি ২০১৩ সালে কৃতিত্বের সঙ্গে এলএল.বি (অনার্স) ডিগ্রি অর্জন করেন এবং ২০২২ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০২২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি ২০২৫-২৬ মেয়াদে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ২০২৬-২৭ মেয়াদে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় সরকারে শিক্ষিত ও পেশাজীবী নেতৃত্ব দেখতে আগ্রহী অনেকেই। তাদের মতে, আইনজীবী লোকমান হোসাইনের মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি জনপ্রতিনিধি হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হতে পারে।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে আইনজীবী লোকমান হোসাইন বলেন, “ঘরিসার ইউনিয়নের জনগণ যদি আমাকে চান, তাহলে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের সমর্থন পেলে জুয়া ও মাদকমুক্ত, আধুনিক ও উন্নত একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করব।”
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঘরিসার ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একটি অংশের মধ্যে আইনজীবী লোকমান হোসাইনকে ঘিরে যে আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে, তা আসন্ন ইউপি নির্বাচনের মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
