নিট প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনের অভিযোগ অস্বীকার নির্মলা সীতারমনের

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছেন ভারতর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার এনডিটিভির ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর ঘটনায় শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ সরকারের ওপর কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের আন্দোলনের প্রবণতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার ওপর গুরুত্ব আরোপ করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী। নির্মলা সীতারমন বলেন, তরুণরা সব সময়ই আদর্শিক জায়গা থেকে কোনো অসংগতি দেখলে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং পরিবর্তনের দাবি তোলে। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, জেএনইউতে পড়ার সময়ও তিনি এমন প্রতিবাদী পরিবেশ দেখেছেন। প্রতিটি প্রজন্মের তরুণদের মধ্যে এই ধরনের উদ্যম থাকাটা স্বাভাবিক এবং সরকার হিসেবে তরুণদের কথা শোনা ও তাদের দাবিকে গুরুত্ব দেওয়া একান্ত দায়িত্ব।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র বা সিজেপির নেতৃত্বাধীন আন্দোলন ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী জানান, এটি কেবল ভারতের চিত্র নয় বরং বিশ্বজুড়েই তরুণদের এমন প্রতিবাদী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তিনি বলেন, দায়িত্বশীল সরকারের কর্তব্য হলো মানুষের কাছাকাছি থেকে মাঠপর্যায়ের অবস্থা পর্যবেক্ষণ করা। যখনই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে এসেছে, তখনই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়ার আওতায় এনেছে।

উল্লেখ্য যে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর গতকালই সিজেপি তাদের চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রথমবার পরীক্ষায় অনিয়মের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সরকার যে কঠোর অবস্থান নিয়েছিল, তা ছিল পরিস্থিতির দাবি। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসাটা ছিল সরকারের প্রাথমিক দায়িত্ব। তিনি আরও যোগ করেন, তরুণদের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়াই বর্তমান প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%