সংসদে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল বিল পাস

সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির দীর্ঘদিনের সুবিধা বাতিল করে নতুন আইন পাস হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উত্থাপিত ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) অ্যাক্ট-২০২৬’ শীর্ষক বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে এখন থেকে সাংসদদেরও সাধারণ নাগরিকদের ন্যায় গাড়ি আমদানিতে শুল্ক ও কর পরিশোধ করতে হবে।
বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান। এটি দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়েছে, জনগণের সেবার অঙ্গীকার নিয়ে নির্বাচিত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। উপরন্তু, এ ধরনের সুবিধা করদাতা সাধারণ নাগরিকদের সঙ্গে এক প্রকট বৈষম্য সৃষ্টি করে আসছিল। সংসদ নেতা তারেক রহমানের দূরদর্শী দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার পুনর্বিবেচনা অত্যাবশ্যক হয়ে উঠেছিল।
মূলত রাষ্ট্রীয় ব্যয় সংকোচ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংশোধনী বিলটি আনা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের জনআলোচনার অবসান ঘটলো।
উল্লেখ্য, দীর্ঘকাল ধরে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানি করে আসছিলেন, যা নিয়ে জনমনে ব্যাপক সমালোচনা বিদ্যমান ছিল। নতুন এই আইন পাসের মাধ্যমে সেই পুরনো প্রথার অবসান ঘটলো। এর আগে গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদের এক সভায় এই সুবিধা বাতিলের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এমনকি, তারও পূর্বে সরকার ও বিরোধী উভয় পক্ষই শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা গ্রহণ না করার বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছিল।