দেশজুড়ে প্রবল বর্ষণে নিহত ৯ জন, অচল শতাধিক বিদ্যুৎ ফিডার

পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ভারী বর্ষণ ও আকস্মিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত পৃথক ঘটনায় দেশটিতে অন্তত ৯ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত ২৬ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত সময়কালে ভারী বর্ষণ ও সংশ্লিষ্ট দুর্যোগে মোট ৮১ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ২৪১ জন।
লাহোরে সারারাত ধরে চলা অঝোর ধারায় বৃষ্টির ফলে শহরের নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে একাধিক বৈদ্যুতিক ফিডার বিকল হয়ে পড়ায় নগরীর বিশাল একটি অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভারী বর্ষণের এই প্রভাব শুধু লাহোরেই সীমাবদ্ধ থাকেনি, বরং দেশজুড়ে বিস্তৃত হয়েছে।
করাচির গুলশান-ই-ইকবাল, সদর, মাহমুদাবাদ ও নাজিমাবাদসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া লিয়ারি, গুলশান-এ-হাদিদ, গাদাপ, গুরু মন্দির, জামশেদ রোড, বালদিয়া, নাভাল কলোনি এবং মোওয়াচ গোথ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
বর্ষণের জেরে কে-ইলেকট্রিকের শতাধিক ফিডার বিকল হয়ে পড়ায় করাচির বিস্তীর্ণ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পাকিস্তানর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ