কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও গুলি উদ্ধার বিদেশি পিস্তল গ্রেপ্তার ১

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে সশস্ত্র হামলার ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কাটাবিল এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি গত বৃহস্পতিবারের হামলায় ব্যবহৃত হয়েছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত বৃহস্পতিবারের সেই অনাকাঙ্ক্ষিত হামলায় ইথান আহমেদ প্রেম নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত ইথানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ইথানের বাবা ইউনুস মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার ছেলের শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করতে হচ্ছে।
হামলা ও গুলির ঘটনায় ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে মাদক কারবারি সাব্বির ও অপুসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় এজাহারভুক্ত আসামি না হলেও সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় শ্রাবণ নামের একজনকে আটক করেছে পুলিশ। প্রধান আসামি অপুর বিরুদ্ধে বর্তমানে দশটি মামলা চলমান রয়েছে এবং সাব্বিরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান আসামি অপুকে গ্রেপ্তারের লক্ষ্যে জোর তৎপরতা চালানো হচ্ছে। হামলায় একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।