কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের প্রতিবাদ করায় দুই যুবককে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ি গ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দুই যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেলে কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মানববন্ধনে এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল ওই দুই যুবকের অপরাধ, যার খেসারত দিতে হচ্ছে তাদের কারাবরণের মাধ্যমে।

স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জানান, সম্প্রতি এলাকার কয়েকজন যুবক একজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে তার পরিবারের জিম্মায় তুলে দেন। কিন্তু মাদক কারবারিকে সংশোধন করার পরিবর্তে তার পরিবার উল্টো রাতের অন্ধকারে এলাকার নিরীহ ও সুনামধন্য যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। পুলিশ সেই মামলার সূত্র ধরেই ওই দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

মাধবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অপরাধে বর্তমানে অন্তত আটজন যুবক মামলার শিকার হয়ে হয়রানির মধ্য দিয়ে যাচ্ছেন। বক্তারা সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

বিজ্ঞাপন

নিরপরাধ যুবকদের দ্রুত মুক্তি এবং প্রকৃত মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%