নীলফামারীতে রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ হারালেন আতিকুল ইসলাম ভোলা

নীলফামারী জেলা সদরে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম ভোলা (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার শখের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল ইসলাম ভোলা সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কিষামত চড়াইখোলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইন ধরে হাঁটছিলেন আতিকুল ইসলাম ভোলা। এসময় চিলহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে ওই এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এলাকাবাসীর দাবি, আতিকুল ইসলাম ভোলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইনের আশপাশে ঘোরাফেরা করছিলেন বলে জানা গেছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।