পোশাক নিয়ে বিচারকের মন্তব্যে নারী আইনজীবীর ক্ষোভ, সমাধানের পথে জেলা আইনজীবী সমিতি

চট্টগ্রামের অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে পোশাক নিয়ে বিচারকের কাছ থেকে অপমানজনক আচরণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অ্যাডভোকেট সাজেদা বেগম সোনিয়া। গত বৃহস্পতিবার আদালতে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দিয়ে আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অ্যাডভোকেট সাজেদা বেগম সোনিয়া তার পোস্টে উল্লেখ করেন, একজন মুসলিম নারী ও আইনজীবী হিসেবে ধর্মীয় বিধান মেনে হিজাব ও নিকাব পরিহিত অবস্থায় এজলাসে দাঁড়ানো তার ব্যক্তিগত অধিকার। তিনি দাবি করেন, আদালতের মতো পবিত্র স্থানে পোশাকের কারণে বৈষম্যমূলক মন্তব্য ও আচরণের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক, কারণ মেধা ও পেশাদারিত্বের সাথে পোশাকের কোনো সম্পর্ক নেই।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে শনিবার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ হস্তক্ষেপ করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিন এই ঘটনাকে নিছক একটি ভুল বোঝাবুঝি হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি সুরাহা করার লক্ষ্যে আগামী রবিবার সংশ্লিষ্ট বিচারকের সাথে বারের প্রতিনিধিরা আলোচনায় বসবেন।
নেতৃবৃন্দের আশ্বাসে সাড়া দিয়ে অ্যাডভোকেট সাজেদা বেগম সোনিয়া তার আগের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন। আইনজীবীদের মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি সোমবার পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি।