সুনামগঞ্জে ১২ লাখ ৯৭ হাজার টাকার ভারতীয় ফুসকা জব্দ, পলাতক ৫ চোরাকারবারি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের গোলহাটি এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দকৃত এসব ফুচকার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় শাকিল, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম ও আল আমিনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
