করাচির অদূরে সমুদ্রতলে নিখোঁজ কে২ এয়ারওয়েজের কার্গো বিমান ৫ ক্রু নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী কে২ এয়ারওয়েজের একটি কার্গো উড়োজাহাজ মাঝ আকাশে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাতে রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই করাচি উপকূলের অদূরে আরব সাগরে পাকিস্তান বিমান বাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে এক বিশাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। বোয়িং ৭৩৭-৪০০ মডেলের এই কার্গো উড়োজাহাজটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাত ৯টা ১৮ মিনিটে উড়োজাহাজটির নেভিগেশনাল সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা দেওয়া হলেও উড়োজাহাজটি হঠাৎ তীব্র গতিতে নিচে নেমে আসে এবং দিক পরিবর্তন করে। এর কিছুক্ষণ পরেই করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে রাডার ও যোগাযোগ ব্যবস্থা থেকে উড়োজাহাজটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে পাকিস্তান নৌবাহিনীর রণতরী পিএনএস জুলফিকার এবং বিমান বাহিনীর একটি সাব উড়োজাহাজ তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে তুরবাত থেকে নৌবাহিনীর একটি এটিআর উড়োজাহাজ এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের বাণিজ্যিক জাহাজ লাহোর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী তথ্যানুযায়ী, উড়োজাহাজটি ৩৫ হাজার ফুট উচ্চতা থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ১ হাজার ১০০ ফুট উচ্চতায় নেমে আসে, যা পরিস্থিতিকে অত্যন্ত সংকটাপন্ন করে তোলে।

নিখোঁজ হওয়া উড়োজাহাজটিতে থাকা ক্রু সদস্যদের পরিচয় প্রকাশ করেছে কে২ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। তারা হলেন ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল মেহমুদ, লোডমাস্টার মুহাম্মদ তৌফিক, প্রকৌশলী আরিফ সিদ্দিকি এবং মুহাম্মদ হামিদ। পাইলটরা কোনো জরুরি সংকেত বা ‘মে-ডে’ বার্তা পাঠানোর সময় পাননি বলে ধারণা করছেন সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা।

বিজ্ঞাপন

এই ঘটনার প্রেক্ষাপটে তদন্তের স্বার্থে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সংশ্লিষ্ট কার্গো কোম্পানির কার্যালয় সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। ২০১৮ সালে লাইসেন্সপ্রাপ্ত এই বেসরকারি এয়ারলাইনটির উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার নেপথ্যে প্রকৃত কারণ অনুসন্ধানে পাকিস্তান সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। উদ্ধারকাজ চলমান থাকলেও এখন পর্যন্ত উড়োজাহাজটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%