উজবেকিস্তানে ব্রেন স্ট্রোকে শরীয়তপুরের শিক্ষার্থীর মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলার ধানুকা মনসাবাড়ি এলাকার বাসিন্দা শরীফ ইমরুল কায়েসের বড় ছেলে শরীফ ইশতিয়াক আহমেদ মুহিন (২২) উজবেকিস্তানে ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে মুহিন বর্তমানে উজবেকিস্তানে অবস্থান করছিলেন। গত ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ব্রেন স্ট্রোক করলে সেখানেই তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, মুহিন অত্যন্ত ভদ্র, নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন। তার এমন অকাল প্রয়াণে পরিবার-পরিজনের পাশাপাশি এলাকাবাসীর মাঝেও গভীর শোক বিরাজ করছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। প্রবাসে থাকা এক সম্ভাবনাময় তরুণের এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।