জামালপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে নিজ বাড়ির আঙিনায় কামরাঙা গাছ থেকে মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। নিহত মোতালেব সরকার ওই গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাতের খাবার খেয়ে মোতালেব সরকার নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির লোকজন গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরিবারের দাবি, নিহতের মৃত্যু রহস্যজনক।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার।