বিমানবন্দর কাণ্ডে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গত শুক্রবার কলকাতা বিমানবন্দরে ভারতের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভ ও হাতাহাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের বিরোধী দল বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্তের অভিযোগ তুলেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেন, এই ঘটনার নেপথ্যে বিজেপির প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে এবং কোনো ধরনের ভয়ভীতি বা হামলা চালিয়ে তার কণ্ঠরোধ করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে হলুদ পোশাক পরিহিত এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে, যাকে দমদমের স্থানীয় বিজেপি নেতা উত্তম দাস বলে চিহ্নিত করেছেন অভিষেক। তৃণমূলের এই শীর্ষ নেতার ভাষ্যমতে, অভিযুক্ত ওই ব্যক্তি বিজেপির ঘনিষ্ঠ মহলের পরিচিত মুখ। এর সপক্ষে তিনি দাবি করেন যে, কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে ওই একই ব্যক্তিকে কাঁথির ‘শান্তিকুঞ্জ’-এর সামনে ব্রোঞ্জের একটি চিতা মূর্তি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন অভিষেক।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে, যখন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগমনের আগেই বিমানবন্দর চত্বরে বিজেপি সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিয়ে হাজির হলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের কর্মী-সমর্থকেরাও ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। বিমানবন্দর সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়া এই আতঙ্ক নিরসনে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও স্পর্শকাতর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এনএসসিবিআই থানা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশি অভিযানে এখন পর্যন্ত ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচুও রয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা গাফিলতি নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%