চট্টগ্রামের হালিশহরে মি. ডিআইওয়াইয়ের ষোড়শ শাখা চালু

দেশের হোম ইমপ্রুভমেন্ট খাতের খুচরা বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘মি. ডিআইওয়াই’ বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে তাদের নতুন শাখা উদ্বোধন করেছে। সম্প্রতি হালিশহরের এনজেএইচ টাওয়ারে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের ১৬তম আউটলেটটির কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এটি চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখা হিসেবে আত্মপ্রকাশ করল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এ সময় ব্র্যান্ডটির বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হালিশহরের মতো বাণিজ্যিক ও জনবহুল এলাকায় শাখা খুলতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে মো. রাহাত নবী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বাজারে ধারাবাহিকভাবে নিজেদের সম্প্রসারণের মূল লক্ষ্য হলো ক্রেতাদের হাতের নাগালে উন্নত ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। ‘সর্বনিম্ন মূল্যে, প্রতিদিন, সবার জন্য সবকিছু’—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রাখবে। নতুন এই আউটলেটে পরিবারের দৈনন্দিন চাহিদার কথা বিবেচনা করে ১০ হাজারেরও বেশি পণ্যের বিশাল সমাহার রাখা হয়েছে।
ক্রেতারা এক ছাদের নিচে গৃহস্থালিসামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিকস, অটোমোবাইল অ্যাকসেসরিজ, ফার্নিশিং ও স্টেশনারিসহ ১০টি ভিন্ন ক্যাটাগরির পণ্য কেনাকাটার সুবিধা পাবেন। একই সঙ্গে খেলনা, উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ, জুয়েলারি এবং কসমেটিকসের মতো পণ্যও সেখানে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে রাজধানীর উত্তরা ও যমুনা ফিউচার পার্কে আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে মি. ডিআইওয়াই। স্বল্প সময়ের ব্যবধানে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, সাভার, বাসাবো, রামপুরা ও ময়মনসিংহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে ব্র্যান্ডটি। চট্টগ্রামে বালি আর্কেড শাখার সাফল্যের পর হালিশহরের এই আউটলেটটি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে কর্তৃপক্ষ।