তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান ইলেন ভূট্টোর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। শনিবার ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইলেন ভূট্টো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আদর্শ ও কর্মদক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত, যাঁর হাত ধরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সূচিত হয়েছিল। একটি কুচক্রী মহল তাঁকে হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করেছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় এসে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে দেশের হাল ধরেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে তাঁর স্বামী জুলফিকার আলী ভূট্টো যে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী লক্ষ্য অর্জনে দলের সকল স্তরের নেতাকর্মীসহ জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভার শেষাংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও মরহুম জুলফিকার আলী ভূট্টোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
